
জহিরুল ইসলাম হৃদয় মাদারীপুর জেলা
মাদারীপুর জেলা মডেল জামে মসজিদে চলচ্চিত্রের শুটিং পরিচালনা করায় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। ইবাদতের পবিত্র স্থানে এমন বিনোদনমূলক কর্মকাণ্ডকে ইসলামের অবমাননা হিসেবে দেখছেন অনেকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, মসজিদের ভেতর শুটিংয়ের সরঞ্জাম নিয়ে একদল শিল্পী ও কলাকুশলী কাজ করছেন। স্থানীয়দের অভিযোগ, মসজিদের পবিত্রতা রক্ষা না করে সেখানে বেপর্দাভাবে মহিলাদের প্রবেশ এবং চিত্রায়ণের কাজ ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
বিক্ষুব্ধ জনতা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাদারীপুরের জেলা প্রশাসকের (ডিসি) দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলছেন, মসজিদ আল্লাহর ঘর, এটি কোনো সিনেমা হল বা শুটিং স্পট নয়।” অতিদ্রুত এই ‘গুনাহের কাজ’ বন্ধ করার পাশাপাশি ভবিষ্যতে মসজিদের ভেতর এ ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার জোর দাবি জানিয়েছেন তারা।
ইসলামি চিন্তাবিদদের মতে, মসজিদের গাম্ভীর্য ও পবিত্রতা রক্ষা করা প্রশাসনের নৈতিক দায়িত্ব।
কোনো অবস্থাতেই ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যবসায়িক বা বিনোদনের কাজে ব্যবহার করতে দেওয়া উচিত নয়। এখন দেখার বিষয়, জনগণের এই দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে।