আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নে আন-নূর একাডেমিক কর্তৃক কোরআন পাঠ ও বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) ভিশনারী ট্রাস্টের অধীনে পরিচালিত এ প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত এটি ছিল দ্বিতীয় কুরআন পাঠ অনুষ্ঠান। চৈক্ষ্যং ইউনিয়নের নুরুল কবির মেম্বার পাড়াস্থ আন-নূর একাডেমিক নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিশনারী ট্রাস্টের ট্রেজারার মো. রমজান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিশনারী ট্রাস্টের লাইফ মেম্বার মুজাহিদুল ইসলাম, আলীকদম থানার সাব ইন্সপেক্টর আবু সাইদ, আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, জমি দাতা ও বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম, আন-নূর একাডেমির সভাপতি ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ ছাদেক মিয়া এবং মাদ্রাসা পরিচালক আমজাদ সাদেকী। এ সময় বক্তারা নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে সর্বমোট ১০৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ী পুরুষ ও মহিলা প্রতিযোগীদের মাঝে নগদ অর্থ এবং আল কুরআন একাডেমিক লন্ডন থেকে প্রকাশিত বাংলা ভাষায় অনুদিত কুরআন শরীফ পুরস্কার হিসেবে প্রদান করা হয়। মহিলা বিজয়ীদের মাঝে প্রথম স্থান অধিকার করেন সাদিয়া জান্নাত, দ্বিতীয় নাছরিন কবির সুমি এবং তৃতীয় জান্নাতুল নাঈম। অনুষ্ঠানে বিচারকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। পুরুষদের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন রিফাতুল ইসলাম। দ্বিতীয় স্থান অর্জন করেন শাকিল এবং তৃতীয় স্থান অধিকার করেন ওমর ফারুক। তারা তিনজনই আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। মাদ্রাসার পরিচালক আমজাদ সাদেকী জানান, শিক্ষার্থীদের মধ্যে কুরআনিক চেতনা ছড়িয়ে দিতেই এই আয়োজনের ধারা অব্যাহত রাখা হয়েছে। পুরস্কার বিতরণ শেষে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬