
অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী
রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকার দক্ষিণ নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ বিদেশি রিভলভার ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব-৫ এর সিপিএসসি ইউনিট। সোমবার দিবাগত গভীর রাতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।র্যাব সূত্রে জানা গেছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন ধরনের অপরাধ দমনে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্র কারবার, ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সংস্থাটি নিয়মিত অভিযান পরিচালনা করছে।এরই ধারাবাহিকতায় ১৬ মার্চ ২০২৬ তারিখ দিবাগত রাত প্রায় ১২টা ৩৫ মিনিটে র্যাব-৫ এর একটি প্রশিক্ষিত আভিযানিক দল রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন দক্ষিণ নওদাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন একটি স্থানে তল্লাশি চালিয়ে একটি বিদেশি তৈরি রিভলভার (মেড ইন ইউএসএ) এবং তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।র্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। অভিযানের সময় সেখানে কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে কারা এসব অস্ত্র সেখানে রেখে গেছে এবং এর সঙ্গে কারা জড়িত তা শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।অভিযান চলাকালে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামত রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সংশ্লিষ্টদের গ্রেফতারে তাদের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।