নান্দাইলে ঈদ উপলক্ষে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডক্টর এ কে এম শামসুল ইসলামের দুঃস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ..
মোঃ এমদাদুল হক ভূইয়া
নান্দাইল (উপজেলা) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিরক্ষা মন্ত্রণালয়) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডক্টর এ কে এম শামসুল ইসলাম শামসের ব্যক্তিগত উদ্যোগে সোমবার (১৬ মার্চ ২০২৬) এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১২৬টি সহ পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানের মূল কার্যক্রম অনুষ্ঠিত হয় নান্দাইল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে, নান্দাইল বাজারস্থ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামসুল ইসলাম শামসের নিজ বাসভবনে।
এ সময় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামসুল ইসলাম শামস বলেন,
“ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই আমাদের মানবিক দায়িত্ব। সমাজের অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো একটি নৈতিক কর্তব্য। আমি চাই নান্দাইলের কেউ যেন ঈদের দিনে কষ্টে না থাকে। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসা উচিত।”
তিনি আরও বলেন, “নান্দাইলের মানুষের কল্যাণে অতীতের মতো ভবিষ্যতেও আমার এই ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
এছাড়াও এ অনুষ্ঠানে নান্দাইল প্রমিলা ফুটবল দলের সদস্যদের বাবা-মায়ের জন্য বিশেষভাবে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করা হয়। খেলাধুলায় মেয়েদের উৎসাহিত করতে এবং তাদের পরিবারকে সম্মান জানাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামসুল ইসলাম শামসের সহধর্মিণী মৌলী ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভূইয়া বিপ্লব, নান্দাইল পৌরসভার সাবেক মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা এ মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬