
বড়াইগ্রামের কুমরুলে মির্জা মাহমুদ খাল পুনঃখনন কাজের উদ্বোধন
বড়াইগ্রাম: উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর কবির
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কুমরুল এলাকায় ১৬ মার্চ সোমবার ‘নদী–নালা–খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি’র আওতায় মির্জা মাহমুদ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের মাননীয় হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় তারেক রহমান জনগণের রায়ে নির্বাচিত হয়ে সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। কৃষিনির্ভর বাংলাদেশকে সবুজে ভরপুর করা এবং কৃষকদের আর্থিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সেই আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল আজিজ, নাটোর-৩ আসনের সংসদ সদস্য মোঃ আনারুল ইসলাম এবং নাটোর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব।
সভাপতিত্ব করেন নাটোর জেলা পুলিশ সুপার আসমা শাহীন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের পরিবেশ রক্ষা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করতে নদী–নালা ও খাল পুনঃখনন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তা সফলভাবে বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এ সময় বক্তারা আরও উল্লেখ করেন, নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ডের মাধ্যমে গরিব ও অসহায় মানুষের আর্থিক সহায়তা প্রদানের অঙ্গীকারও পর্যায়ক্রমে তৃণমূল পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।