
বিশেষ প্রতিনিধি ইমন রহমান
চাঁদপুরের মেঘনা নদীতে চরে আটকে পড়া একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ১০৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, একইদিন ভোর আনুমানিক ৪টার দিকে চাঁদপুরের হাইমচর থানাধীন চর ভৈরবী সংলগ্ন মেঘনা নদীতে ‘এমভি সুগন্ধা’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ প্রবল বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে চরে আটকে পড়ে। এ সময় লঞ্চে থাকা এক যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চান। খবর পেয়ে বিষয়টি দ্রুত কোস্ট গার্ডকে জানানো হয়। পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কালিগঞ্জ একটি উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে লঞ্চে আটকে পড়া ১০৫ জন যাত্রীকে ট্রলারের মাধ্যমে নিরাপদে ইলিশা লঞ্চঘাটে পৌঁছে দেওয়া হয়।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, জনসেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।