মুহাম্মদ সালাহ্ উদ্দীন, স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদের আনন্দ যখন চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তে অসুস্থ ও শয্যাশায়ী মানুষের মাঝে ভালোবাসা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিলেন আলীকদম জোন কমান্ডার লেঃ কর্নেল আশিকুর রহমান আশিক (এসপিপি, পিএসসি)। শনিবার ঈদের নামাজ শেষে তিনি আলীকদম সরকারি হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। হঠাৎ এমন মানবিক উপস্থিতিতে অনেক রোগীর মুখেই ফুটে ওঠে প্রশান্তির হাসি। পরিদর্শনকালে জোন কমান্ডার রোগীদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং চিকিৎসা সেবার মান পর্যবেক্ষণ করেন। তিনি কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের রোগীদের প্রতি আরও আন্তরিক ও মানবিক সেবা প্রদানের আহ্বান জানান।
এছাড়া আলীকদম জোনের পক্ষ থেকে চলতি মৌসুমে বিশুদ্ধ পানি সরবরাহের প্রতিশ্রুতি দেন তিনি। উল্লেখ্য, এলাকায় চলমান পানীয়জল সংকট মোকাবেলায় ইতোমধ্যে সেনাবাহিনীর ওয়াটার ট্রেলারের মাধ্যমে বিভিন্ন পানিশূন্য গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে, যা স্থানীয়দের জন্য বড় স্বস্তি হয়ে উঠেছে।
জোন কমান্ডারের এই মানবিক উদ্যোগ ও হাসপাতাল পরিদর্শনে স্থানীয়দের মাঝে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই তার এই সহমর্মিতামূলক কর্মকাণ্ডের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ঈদের আনন্দ শুধু উৎসবেই সীমাবদ্ধ না রেখে, অসহায় ও অসুস্থ মানুষের মাঝেও ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ নিঃসন্দেহে এক উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬