
অপু দাস ব্যুরো প্রধান, রাজশাহী।
রাজশাহী মহানগরে অভিনব কৌশলে হেরোইন বহনের সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। তার কাছ থেকে ১০৮ গ্রাম হেরোইন, নগদ অর্থ, একটি মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে র্যাব নিয়মিতভাবে বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, ছিনতাই, অপহরণসহ মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ২২ মার্চ ২০২৬ তারিখ বিকেল প্রায় ৩টা ৪৫ মিনিটে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে দামকুড়া থানাধীন হরিপুর কালুর ডাঙ্গা এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি অটোরিকশা থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হয়।
তল্লাশির এক পর্যায়ে এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আলাদা করে তল্লাশি করা হয়। পরে তার পায়ের জুতার ভেতরে এবং শার্টের কলারের লোগোর নিচে সেলাই করে লুকিয়ে রাখা ১০৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মাদক পরিবহনের এই কৌশলটি ছিল অত্যন্ত অভিনব ও নজর এড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিত বলে জানায় র্যাব।
এ সময় অভিযুক্তের কাছ থেকে নগদ ৬ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং একটি সিমকার্ড জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ মামুন মোল্লা (৪০)। তার পিতার নাম মোঃ হান্নান মোল্লা। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার এনায়েতপুর এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন উপায়ে অবৈধ মাদক সংগ্রহ করে নিজ জেলা নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। উদ্ধার হওয়া হেরোইন তিনি বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলেন বলেও জানান।
এ ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহী মহানগরের দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব কর্মকর্তারা জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।