
পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ রুবেল হোসেন
পটুয়াখালীর বাউফল উপজেলায় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জোরপূর্বক জমি দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সেলিম হাওলাদার। সোমবার (২৩ মার্চ) রাত ৮টায় বাউফল উপজেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১৬ সালে উপজেলার দ্বীপাশা গ্রামের মদনপুরা ইউনিয়নে ২৫ শতাংশ জমি ক্রয় করেন। এ সময় তিনি জমির বৈধ দলিলপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। তিনি অভিযোগ করেন, একই গ্রামের মরহুম আবুল হাওলাদারের ছেলে সমশের হাওলাদার ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে জোরপূর্বক তার দালিলিক সম্পত্তি দখল করে রেখেছেন। সেলিম হাওলাদার বলেন, “আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার জমি ফেরত চাই। প্রতিপক্ষ আমাকে হয়রানি করতে গাছ কাটার একটি মিথ্যা মামলা দিয়েছিল, তবে আমি আদালত থেকে খালাস পেয়েছি।” সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় বাসিন্দা নিলুফা বেগম (৩৮) বলেন, “আমরা জানি, এই জমি সেলিম হাওলাদারের। আমরা এর সুষ্ঠু বিচার চাই।” আরেক স্থানীয় বাসিন্দা মো. মাসুদ (৪৫) বলেন, “২০১৬ সালে সেলিম হাওলাদার জমিটি ক্রয় করেছেন—এটি সত্য। জমিটি তার কাছেই থাকা উচিত। এ বিষয়ে অভিযুক্ত সমশের হাওলাদারের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে বক্তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে জমির প্রকৃত মালিককে ন্যায়বিচার দেওয়ার দাবি জানান।