
গাজী আলী আকবর শ্যামল হবিগঞ্জ জেলা
হবিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ ঔষধ, জিরা, কসমেটিকস ও একটি ট্রাক জব্দ করেছে ( বিজিবি-৫৫)। গত ২৪ ঘণ্টায় বিজিবি ৫৫, ব্যাটালিয়নের সদস্যরা এসব অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার টিপরাছড়া এলাকায় অবস্থান নেয় হরিণছড়া বিওপির একটি টহল দল। সোমবার (২৩/৩/২০২৬ ইং) রাত আনুমানিক তিন টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে থামানোর সংকেত দিলে চালক ট্রাকটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে বস্তার ভেতরে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় নিম্নমানের কসমেটিকস উদ্ধার করা হয়। ট্রাকসহ এসব পণ্য জব্দ করা হয়।
একই দিনে বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় একটি মিনি কাভার্ড ভ্যান তল্লাশি করে কীটনাশক ও সারের বস্তার ভেতরে লুকানো বিপুল পরিমাণ অবৈধ ব্যথানাশক, চেতনানাশক ঔষধ এবং ফর্সাকারী কসমেটিকস উদ্ধার করা হয়। এছাড়া, রাত ১০টার দিকে একই এলাকায় আরেকটি ট্রা।কে তল্লাশি চালিয়ে বালুর নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত পণ্য ও ব্যবহৃত যানবাহনের মোট সিজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা। এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয়দের গোপন তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছে।