
অপু দাস,ব্যুরো প্রধান, রাজশাহী
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। সংস্থাটির একটি আভিযানিক দল শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইনসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের এক সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে র্যাব।র্যাব জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি বিভিন্ন ধরনের অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, অবৈধ অস্ত্র, ছিনতাই, অপহরণসহ নানা অপরাধের পাশাপাশি মাদকবিরোধী অভিযানও নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।এরই অংশ হিসেবে গত ২৪ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি বিশেষ দল শাহমখদুম থানাধীন সন্তোসপুর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালায়। অভিযানের সময় বাড়িটি স্থানীয় ব্যক্তি সামসুল আলমের নামে ভাড়া নেওয়া ছিল বলে জানা যায়।তল্লাশির এক পর্যায়ে ওই বাসা থেকে ১৩৬ কেজি গাঁজা, ১৭ গ্রাম হেরোইন, ৩টি মোবাইল ফোন এবং ৪টি সিম কার্ড জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত স্বামী মোঃ মজিবুর রহমান বকুল (৪৭) এবং তার স্ত্রী মোসাঃ সম্পা খাতুন (২৮)-কে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় বাড়ির ভাড়াটিয়া সামসুল আলম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীর সঙ্গে যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে গাঁজা ও হেরোইন সংগ্রহ করে রাজশাহী মহানগরসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল। উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলো বিক্রয়ের উদ্দেশ্যেই ওই বাসায় মজুদ রাখা হয়েছিল বলেও তারা স্বীকার করেছে।র্যাব সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখা হয়েছে।স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের ধারাবাহিক অভিযান মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সমাজে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সহায়ক হচ্ছে।