নিজস্ব প্রতিবেদক
দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ তাদের অর্জিত আয়ের অংশ হিসেবে বাংলাদেশ ডাক বিভাগকে ১৩ কোটি ৮২ লাখ ৩০ হাজার ৪৭০ টাকা প্রদান করেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত সময়ের রেভিনিউ শেয়ারিং বাবদ এই অর্থ দেওয়া হয়। মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের কাছে এই চেক হস্তান্তর করেন নগদের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ। ডাক বিভাগের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী, সেবা পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সকল বিনিয়োগের ভার নগদের ওপর ন্যস্ত। এতে ডাক বিভাগের কোনো আর্থিক বিনিয়োগের প্রয়োজন হয় না। তবে এই সেবা থেকে অর্জিত মোট আয়ের ৫১ শতাংশ পায় বাংলাদেশ ডাক বিভাগ এবং বাকি ৪৯ শতাংশ পায় নগদ লিমিটেড। সেবা শুরুর পর থেকে এ পর্যন্ত ডাক বিভাগকে মোট ১৪ কোটি ৬০ লাখ ৯৪ হাজার ৬৬০ টাকা রাজস্ব প্রদান করেছে প্রতিষ্ঠানটি। এর আগে:
২০২৪ সালের মে মাসে: ৫ কোটি ৫১ লাখ ৩৭ হাজার ৫৫৮ টাকা।
২০২২ সালে: ৪ কোটি ৫০ লাখ ৪৬ হাজার ৬৪৭ টাকা।
২০২০ সালে: ১ কোটি ১২ লাখ টাকা।
চেক হস্তান্তর অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, "নগদ এই খাতে প্রতিযোগিতা সৃষ্টি করতে সক্ষম হয়েছে, যা ক্যাশলেস লেনদেনে গ্রাহকদের উৎসাহিত করছে। ডাক বিভাগ ও সরকার সমানভাবে এই সেবাকে নিজেদের মনে করে। আশা করি অদূর ভবিষ্যতে এখান থেকে সরকার বছরে ১০০ কোটি টাকা রাজস্ব পাবে। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, "প্রান্তিক মানুষকে আর্থিক অন্তর্ভুক্তিতে আনতে নগদের অবদান অসামান্য। উদ্ভাবনের পাশাপাশি বাজারে প্রতিযোগিতা সৃষ্টি করে গ্রাহক স্বার্থ নিশ্চিত করার পাশাপাশি সরকারের রাজস্ব আয়েও আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি। ২০১৯ সালের মার্চ মাসে যাত্রা শুরুর পর থেকে দৈনিক গড় লেনদেন প্রায় দেড় হাজার কোটি টাকায় পৌঁছেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের উপবৃত্তি এবং প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অনুদান স্বচ্ছতার সঙ্গে বিতরণ করছে। ভবিষ্যতে কৃষক কার্ড ও ইমাম-মোয়াজ্জিনদের ভাতা বিতরণেও প্রতিষ্ঠানটি কাজ করার পরিকল্পনা করছে। অনুষ্ঠানে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম হারুনুর রশীদ এবং বাংলাদেশ ব্যাংক নিযুক্ত সহযোগী প্রশাসক মো. নাহিম উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬