বাউফলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চেয়ার নিয়ে সংঘর্ষ, আহত ১
পটুয়াখালী জেলা প্রতিনিধি: রুবেল হোসেন
পটুয়াখালীর বাউফল উপজেলায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে সামনে বসা নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওহিদুজ্জামান নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার পাবলিক মাঠে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানের সময় এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে সামনের সারিতে বসাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয় এবং পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। অভিযোগ রয়েছে, এ সময় জামায়াতের কয়েকজন নেতার ওপর বিএনপি ও ছাত্রদলের কিছু নেতাকর্মী হামলা চালায়।
ঘটনার পর মাঠজুড়ে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়লেও উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু এবং বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক করেন।
অনুষ্ঠানে বিএনপির সাবেক এমপি মো. সহিদুল আলম তালুকদার, জামায়াতের উপজেলা আমীর মাওলানা মো. ইসাহাক মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিকেল ৩টায় জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু বলেন, “সামান্য ভুল বোঝাবুঝি থেকেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। উপস্থিত সবার সহযোগিতায় দ্রুত বিষয়টি মীমাংসা করা হয়েছে। এতে অনুষ্ঠান বন্ধ হয়নি, নির্ধারিত কর্মসূচি যথারীতি শেষ হয়েছে।
অন্যদিকে, বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, “দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। প্রশাসনের হস্তক্ষেপে তা সমাধান করা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬