
নিজস্ব প্রতিবেদক
বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চল ভ্রমণে গিয়ে চরম বিপাকে পড়েন ঢাকার ৪৭ জন পর্যটক। অভিযোগ উঠেছে, ট্রাভেল গ্রুপের দায়িত্বহীনতার কারণে তাদের রেমাক্রি এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় সংশ্লিষ্টরা। জানা যায়, দুটি ট্রাভেল গ্রুপের ব্যবস্থাপনায় পর্যটকরা থানচি উপজেলার রেমাক্রি এলাকায় ভ্রমণে যান। প্রতিজনের কাছ থেকে ৬ হাজার ৯৯৯ টাকা করে নেওয়া হলেও নির্ধারিত সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ট্যুর গাইড সেলিম জানান, চারজন হোস্ট তাকে গাইড হিসেবে নিয়োগ করলেও পরে তাকে এবং ৪৭ জন পর্যটককে দুর্গম এলাকায় রেখে তারা সেখান থেকে চলে যান।
এতে করে পুরো দলটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে।পরবর্তীতে স্থানীয় গাইড ও জনসাধারণের সহযোগিতায় পর্যটকরা দীর্ঘ দুর্গম পথ অতিক্রম করে থানচি সড়কের ২১ কিলোমিটার এলাকায় পৌঁছান। সেখান থেকে টুরিস্ট পরিবহনের মাধ্যমে তারা আলীকদম উপজেলায় আশ্রয় নেন। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম-এর নজরে এলে তিনি দ্রুত পদক্ষেপ নেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের খাবারের ব্যবস্থা করা হয় এবং নিরাপদে ঢাকায় ফেরার জন্য যানবাহনের ব্যবস্থা নিশ্চিত করা হয়।এ ঘটনায় কৃতজ্ঞতা প্রকাশ করে পর্যটকরা বলেন, প্রশাসনের দ্রুত সহযোগিতা না পেলে তারা আরও বড় বিপদের মুখে পড়তে পারতেন। এদিকে, অভিযুক্ত দুটি ট্রাভেল গ্রুপের বিরুদ্ধে আলীকদম থানা-তে অভিযোগ দায়ের করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।