পেট্রোল মজুদ রেখেও বিক্রি বন্ধ: ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা ৫০ হাজার
জামালপুর জেলা প্রতিনিধি মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর সদর উপজেলার পিটিআই মোড়ে অবস্থিত মেসার্স "জুই এন্টারপ্রাইজে" পেট্রোল সংকটের অভিযোগে ভিড় জমায় মোটরসাইকেল চালকেরা। শনিবার (২৮ মার্চ ২০২৬) সকাল থেকেই চালকেরা তেলের আশায় প্রতিষ্ঠানটির সামনে অবস্থান নেন। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তাদের কাছে কোনো পেট্রোল নেই।
এমন দাবির প্রেক্ষিতে বিষয়টির সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব বিএমএসআর আলিফ এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সোহেল মাহমুদ। পরে তারা সরেজমিনে মেসার্স জুই এন্টারপ্রাইজ পরিদর্শন করেন।
পরিদর্শনে দেখা যায়, প্রতিষ্ঠানের ভেতরে ১২টি ড্রামে প্রায় ২,৫০০ লিটার পেট্রোল মজুদ রয়েছে। অথচ গ্রাহকদের কাছে তেল না থাকার অজুহাত দেওয়া হচ্ছিল, যা জনমনে ক্ষোভের সৃষ্টি করে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে পেট্রোল বিক্রি না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানের ম্যানেজারকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মাঝে পেট্রোল বিক্রি কার্যক্রম শুরু করা হয়।
এ বিষয়ে স্থানীয়রা জানান, কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত লাভের চেষ্টা রোধে প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬