
বগুড়ায় র্যাবের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার।
জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর দুটি পৃথক অভিযানে ১২০ পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার সকালে শহরের শেউজ গাড়ী ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়া জানতে পারে যে, সদর থানার ৮ নম্বর ওয়ার্ডের শেউজ গাড়ী এলাকায় কিছু ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে র্যাব-১২ এর অধিনায়কের দিকনির্দেশনায় সকাল সাড়ে ১০টার দিকে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শেউজ গাড়ী এলাকায় রেলওয়ে ফুটপাত থেকে মোঃ হাসান (২৭), পিতা-মৃত আবুল হোসেন, গ্রাম-বিগগ্রাম, ইউনিয়ন-চুপিনগর, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন, একটি সিম কার্ড এবং নগদ ১১০ টাকা উদ্ধার করা হয়।
একই দিন সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া রেলস্টেশন এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মোঃ বরকত উল্লাহ ওরফে রুবেল (৩৩), পিতা-মৃত রিয়াজ উদ্দীন, গ্রাম-আসুনজা, ইউনিয়ন-গোবিন্দপুর, থানা-দুপচাঁচিয়া, জেলা-বগুড়া-কে আটক করা হয়। তার কাছ থেকে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন, একটি সিম কার্ড এবং নগদ ৪০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১২ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও জোরদার করা হবে।