
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। গত এক মাসের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতে প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ১০০ দিরহামেরও (প্রায় ৩,২০০ টাকা) বেশি হ্রাস পেয়েছে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে এই দরপতনের ফলে দুবাইসহ আমিরাতজুড়ে জুয়েলারি দোকানগুলোতে ক্রেতাদের ঢল নেমেছে। বিশেষ করে ২৪ ক্যারেটের বিনিয়োগযোগ্য স্বর্ণ ও ২২ ক্যারেটের অলংকারের চাহিদা এখন তুঙ্গে।রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস এই তথ্য নিশ্চিত করেছে। রোববার আমিরাতের বাজারে প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ৫৪১.২৫ দিরহামে। অন্যদিকে, গয়নার জন্য জনপ্রিয় ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৫০১.২৫ দিরহাম। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫,৫০০ ডলারের রেকর্ড শিখর থেকে নেমে বর্তমানে ৪,৪৯৩.৭৯ ডলারে অবস্থান করছে। মূলত মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং তেলের দাম বৃদ্ধির প্রভাবে এই দরপতন ঘটেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
আমিরাতের ব্যবসায়ীরা জানিয়েছেন, স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গিয়েছিল। এতে বাজারে এক ধরণের স্থবিরতা তৈরি হয়েছিল। কিন্তু সাম্প্রতিক দরপতনের পর বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতা উভয় পক্ষই বাজারে ফিরতে শুরু করেছেন। অনেকে এটিকে স্বর্ণ কেনার সুবর্ণ সুযোগ হিসেবে দেখছেন। দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম
এদিকে বাংলাদেশের বাজারেও স্বর্ণ ও রুপার দামে প্রভাব পরিলক্ষিত হচ্ছে। দেশের বাজারে বর্তমান দর নিচে দেওয়া হলো:
| স্বর্ণের মান (প্রতি ভরি) | মূল্য (টাকায়) |
| ২২ ক্যারেট | ২,৪১,৪৪৫ টাকা |
| ২১ ক্যারেট | ২,৩০,৪২২ টাকা |
| ১৮ ক্যারেট | ১,৯৭,৫৩০ টাকা |
| সনাতন পদ্ধতি | ১,৬০,৮৪৭ টাকা |
রুপার দাম:
২২ ক্যারেট: ৫,৩৬৫ টাকা (ভরি)
২১ ক্যারেট: ৫,১৩২ টাকা (ভরি)
১৮ ক্যারেট: ৪,৪৩২ টাকা (ভরি)
সনাতন পদ্ধতি: ৩,৩২৪ টাকা (ভরি)