নিজস্ব প্রতিবেদক | দৈনিক প্রভাতী বাংলাদেশ
মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো মেঘে ঢাকা। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আগ্রাসন শুরুর পর থেকে উত্তেজনা এখন চরমে। তবে এই সংঘাতের সমীকরণে নতুন করে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী ‘হুথি’। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি তেহরানের পক্ষে সরাসরি যুদ্ধে অংশ নেওয়ায় নড়েচড়ে বসেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। লোহিত সাগরে মোতায়েন করা ইইউর নৌ-মিশন ‘অপারেশন আস্পাইডস’ জানিয়েছে, হুথিদের সম্ভাব্য হামলা মোকাবিলায় তারা নিবিড় পর্যবেক্ষণ শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মিশনটি শিপিং শিল্পের জন্য জরুরি নতুন নির্দেশনা জারি করেছে।
বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্কতা ইইউ নৌ-মিশনের নির্দেশনায় বলা হয়েছে, লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে অবশ্যই নিবন্ধিত হতে হবে এবং সামুদ্রিক নিরাপত্তা চ্যানেল ব্যবহারের সময় সহায়তার আবেদন জানাতে হবে। মূলত ২০২৩ সালের তিক্ত অভিজ্ঞতা থেকেই এই পূর্ব সতর্কতা। সে সময় ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে লোহিত সাগরে পশ্চিমা ও ইসরাইলি জাহাজে মুহুর্মুহু হামলা চালিয়েছিল হুথিরা। এতে বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান এই রুটটি কার্যত অচল হয়ে পড়েছিল এবং জাহাজগুলোকে দক্ষিণ আফ্রিকার উপকূল ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছিল। প্রস্তুত অপারেশন আস্পাইডস মিশনটি আরও নিশ্চিত করেছে যে, লোহিত সাগর এলাকায় নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এবং বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা দিতে তাদের সামরিক সরঞ্জাম ও নৌ-সম্পদগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে মোতায়েন রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, হুথিরা যুদ্ধে জড়ানোয় মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল ইরান-ইসরাইলের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং তা বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬