নিজস্ব প্রতিবেদক
জ্বালানি তেল পরিবহণের কাজে নিয়োজিত তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা করার প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। রোববার (২৯ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই কর্মবিরতির ফলে উত্তরবঙ্গের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শ্রমিকদের এই আন্দোলনে সংহতি জানিয়েছেন পেট্রল পাম্প মালিকরাও। ফলে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহসহ সব ধরনের কার্যক্রম স্থগিত হয়ে পড়েছে। শ্রমিক সংগঠনের ভাষ্যমতে, নীলফামারী যাওয়ার পথে একটি তেলবাহী লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ও শ্রমিকরা সেটি মেরামতের চেষ্টা করছিলেন। ওই সময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূঁইয়া সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। লরিটি তল্লাশি করে কেবিন থেকে দুটি জারকিনে থাকা ১০ লিটার পেট্রল ও ২ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
রোববার দুপুরে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, "অযৌক্তিক কারণে আমাদের শ্রমিকদের জেল-জরিমানা করা হয়েছে। অবিলম্বে তাদের মুক্তি এবং অভিযুক্ত এনডিসির অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম জানান, শ্রমিকদের নিঃশর্ত মুক্তি ও ৪৮ ঘণ্টার মধ্যে এনডিসির অপসারণের আলটিমেটাম দেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত উত্তরবঙ্গে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬