মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হত্যা: র্যাব-৫ এর অভিযানে দুই আসামি গ্রেফতার
অপু দাস,ব্যুরো প্রধান
, রাজশাহী।
রাজশাহীর মোহনপুর উপজেলায় জমিতে জোরপূর্বক পুকুর খননকে কেন্দ্র করে এক তরুণ কৃষককে ভেকু মেশিনের নিচে ফেলে হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৫। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
র্যাব-৫ সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক, অস্ত্রসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৩০ মার্চ ২০২৬ তারিখ বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে র্যাব-৫ এর একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মোহনপুর থানার আলোচিত জোবায়ের হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মোঃ মোনারুল ইসলাম (রুহুল আমিন নামে পরিচিত, বয়স ৩৩) এবং ৩ নম্বর আসামি মোঃ রুবেল হোসেন (৩৮) কে গ্রেফতার করা হয়। অভিযানে র্যাব হেডকোয়ার্টার্সের গোয়েন্দা শাখা সহায়তা প্রদান করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ডিসেম্বর রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে মোহনপুর উপজেলার বড় পালশা গ্রামের পালশা পূর্ব বিল এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় ভিকটিম আহমেদ জোবায়ের (২২)-এর জমির পাশের জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়রা বাধা দিলে ভেকু মেশিন চালকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়।
এজাহার অনুযায়ী, একপর্যায়ে আসামিরা ক্ষিপ্ত হয়ে ভেকু মেশিন দিয়ে জোবায়েরকে আঘাত করে মাটিতে ফেলে দেয় এবং পরবর্তীতে মেশিন চালিয়ে তার ওপর দিয়ে নেওয়া হয়। এতে তিনি গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় নিহতের পিতা মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ৮ জনকে নামীয় এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩০২/১০৯/১১৪/৩৪ ধারায় রুজু করা হয়।
মামলার তদন্তের অংশ হিসেবে র্যাব-৫ এর সিপিএসসি ইউনিট আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন উৎসের সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয় এবং কাশিয়াডাঙ্গা এলাকার কোর্ট স্টেশন থেকে তাদের গ্রেফতার করা সম্ভব হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ খায়রুল ইসলাম
প্রধান কার্যালয়: উত্তর আব্দুল্লাহপুর কোটবাড়ি ফায়দাবাদ ঢাকা।
মোবাইল: 01968525877
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৬