
লৌহজংয়ে কৃষি প্রণোদনা ২০০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় কৃষি উৎপাদন বাড়াতে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে তিল ও পাট চাষে উৎসাহ দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয় বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়।উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু।তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো:হাসান উদ দৌলা উপস্থিত ছিলেন।এছাড়াও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছাবেকুন্নাহার সাবরিনাসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।
কর্মসূচির আওতায় ২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সহায়তা প্রদান করা হয়।এর মধ্যে ১০০ জন কৃষককে তিল চাষের জন্য প্রণোদনা দেওয়া হয়।প্রত্যেককে ১ কেজি তিল বীজ,১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।অন্যদিকে ১০০ জন কৃষককে পাট চাষের জন্য সহায়তা দেওয়া হয়।তাদের প্রত্যেককে ১ কেজি পাট বীজ,৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,এ সহায়তা কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।কৃষকদের মধ্যে এ প্রণোদনা পেয়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
অনেক কৃষক জানান,এই সহায়তা তাদের চাষাবাদে নতুন উদ্দীপনা যোগাবে।বিশেষ করে তিল ও পাট চাষে আগ্রহ আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন উপজেলা প্রশাসন জানায়,কৃষি খাতকে শক্তিশালী করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।সরকারি সহায়তা সঠিকভাবে ব্যবহারের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানো হয়।স্থানীয় পর্যায়ে উৎপাদন বৃদ্ধি পেলে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।