
অবৈধ জ্বালানি মজুদে অভিযান: ভান্ডারিয়ায় ব্যবসায়ীকে জরিমানা
সৈয়দ আল রাজী, জেলা প্রতিনিধি, পিরোজপুর:
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার পৌর এলাকার ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় “খান ভ্যারাইটিস স্টোর”-এর একটি গুদাম থেকে ৪৪০ লিটার ডিজেল এবং ১০১৮ লিটার পেট্রোল জব্দ করা হয়।
অভিযান চলাকালে প্রতিষ্ঠানটির মালিক এবাদুল খানকে বিনা লাইসেন্সে পেট্রোলিয়াম পণ্য মজুদের দায়ে আটক করা হয়। পরে তিনি দোষ স্বীকার করলে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জব্দকৃত জ্বালানি সরকারি মূল্যে বিক্রয়ের শর্তে ভান্ডারিয়া উপজেলার প্যাক পয়েন্ট ডিলার মেসার্স বায়েজিদ এন্টারপ্রাইজ ও মেসার্স ফয়সাল এন্টারপ্রাইজের নিকট হস্তান্তর করা হয়। বিক্রয়লব্ধ ১ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা ৯০ পয়সা সরকারি কোষাগারে এ-চালানের মাধ্যমে জমা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভান্ডারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।