
মনপুরায় সড়ক উদ্বোধন করে এমপি নয়ন বললেন – অন্যায়কারী দলের কেউ হলেও ছাড় পাবে না!
===========================
মোহাম্মদ নিরব মনপুরা উপজেলা প্রতিনিধি, ভোলা
===========================
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ভোলা-৪ (মনপুরা-চরফ্যাশন) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপিকে ভোট দিয়েছেন কিংবা দেননি—এমন সব নাগরিকের জন্যই বিএনপি একটি নিরাপদ আশ্রয়স্থল। তবে দলের ছত্রছায়ায় কেউ অপরাধ বা অন্যায় করলে তার কোনো ছাড় নেই। অপরাধী দলের ছোট কিংবা বড়—যেই হোক না কেন, সুনির্দিষ্ট প্রমাণ মিললে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট বাজারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদল আয়োজিত বিশাল যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে নিরলস কাজ করে যাচ্ছেন। নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সরকারের এসব লক্ষ্য বাস্তবায়নে যুবদল সর্বদা সহযোগী শক্তি হিসেবে কাজ করবে। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকবে যুবদল।
দলীয় শৃঙ্খলা বজায় রাখার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। কাউকে শোকজ করা হয়েছে, কাউকে বহিষ্কার এবং কোথাও কোথাও কমিটি পর্যন্ত বিলুপ্ত করা হয়েছে। সবাইকে অপরাধের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
এর আগে সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন উপজেলা সদর থেকে মনপুরা ইউনিয়নের তুলাতলী ঘাট পর্যন্ত ডাবল লেনের নবনির্মান পাকা সড়কের উদ্বোধন করেন। এ সময় তিনি বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার যোগাযোগব্যবস্থাসহ বিভিন্ন বিদু্ৎ খাতের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরেন।
মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং সদস্যসচিব হাফেজ আবদুর রহিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ফিরোজ আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা যুবদলের সভাপতি হাজী জামাল উদ্দিন লিটন।
এছাড়া সমাবেশে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল কাদের সেলিম, মনপুরা উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি ডা. কামাল উদ্দিন, সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা এবং ভোলা জেলা যুবদলের সহসভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস।
এ সময় মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, আইনবিষয়ক সম্পাদক ছালাউদ্দিন প্রিন্স, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্যসচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একরাম কবির, সদস্যসচিব শাহাদুল ইসলাম শাহীনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।