
আল মামুন তালুকদার বিশেষ প্রতিনিধি
বগুড়ার কাহালু থানার পুলিশ পৃথক পৃথক অভিযানে তিনজন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের দিকনির্দেশনায় এএসআই মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে মামলা নম্বর ২০০০/২০২০, দায়রা সিআর মামলা নম্বর ৯২/২০২০ (কাহালু) এর এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জাহিদুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করা হয়। তিনি বান্দাইখারা গ্রামের বাসিন্দা। বগুড়ার বিজ্ঞ যুগ্ম দায়রা জজ আদালত নং-৩ গত ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে তার বিরুদ্ধে এ রায় প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন। এছাড়া পৃথক অভিযানে পারিবারিক মামলা নম্বর ৬৬/২০২২ এর ২ মাসের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ শাহিন (৩০), পাল্লাপাড়া গ্রামের বাসিন্দাকে গ্রেফতার করা হয়। অপরদিকে, ঢাকা মহানগরের গুলশান থানার মামলা নং সিআর-৩৮৮০/২২ এর ২ মাসের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জিয়াউল হক (৩৫) কে নিজ বাড়ি বেলঘরিয়া গ্রাম থেকে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।