
পিরোজপুর জেলাকে একটি আধুনিক, সমৃদ্ধ ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে সংবাদকর্মীদের সক্রিয় ভূমিকার আহ্বান জানিয়েছেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং সামাজিক সমস্যা নিরসনে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে পিরোজপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় সাংবাদিকদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাবেক সভাপতি মাহমুদ হোসেনসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “পিরোজপুর জেলা পরিষদ জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সুপেয় পানির সংকট দূর করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং গ্রামীণ অবকাঠামোর গুণগত পরিবর্তনে কাজ করে যাচ্ছি। এই পথচলায় গণমাধ্যম আমাদের দর্পণ হিসেবে কাজ করবে।” তিনি আরও উল্লেখ করেন যে, সরকারি প্রকল্পগুলোর যথাযথ বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকদের তথ্যভিত্তিক লেখনী অত্যন্ত জরুরি।
উন্মুক্ত আলোচনায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সংকট, বিশেষ করে স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট এবং পরিবেশগত নানা সমস্যার কথা তুলে ধরেন। প্রশাসক অত্যন্ত মনোযোগ সহকারে এসব সমস্যার কথা শোনেন এবং পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। পিরোজপুরের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জেলা পরিষদ ও সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।