
সোনাগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত
মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।
তারিখ- ১৭-৬-২০২৬ইং।
আধুনিক কৃষি, পুষ্টি নিরাপত্তা ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়নে গুরুত্বারোপ
প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস, সোনাগাজীর উদ্যোগে বুধবার পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফেনীর উপ-পরিচালক মো. আতিক উল্যাহ। তিনি বলেন, দেশের কৃষিকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করতে কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তি সম্প্রসারণ এবং বাজারমুখী উৎপাদন ব্যবস্থার বিকল্প নেই। পার্টনার প্রকল্প কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) সোনাগাজীর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মো. ফারুক হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হানিফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আল-আমিন শেখ, সহকারী মৎস্য কর্মকর্তা বিজয় পাল, উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ হিজবুল্লাহ এবং এনসিপি উপজেলা শাখার সদস্য সচিব মো. মোশারফ হোসেন।
এ সময় বক্তারা কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সহনশীল কৃষি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের হাতে আধুনিক কৃষি প্রযুক্তি পৌঁছে দেওয়া, বিষমুক্ত ও নিরাপদ খাদ্য উৎপাদন বৃদ্ধি, কৃষি খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সোয়াস এগ্রোর স্বত্বাধিকারী ওমর বিন সোলেমান, ব্র্যাক ফেনীর জেলা সমন্বয়ক মো. ওমর ফারুক, উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠুন ভৌমিক, গণমাধ্যমকর্মী শেখ আব্দুল হান্নান এবং জাবেদ হোসাইন মামুন।
বক্তারা বলেন, কৃষি খাতের উন্নয়নের পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে পার্টনার প্রকল্প কার্যকর অবদান রেখে চলেছে। প্রকল্পের আওতায় মাঠপর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ, প্রদর্শনী প্লট স্থাপন এবং প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা সম্প্রসারণের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এ কংগ্রেসে কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, সফলতা তুলে ধরা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, কৃষির টেকসই উন্নয়ন এবং গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অগ্রগতির লক্ষ্যে পার্টনার প্রকল্পের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।