
সাইফুর রহমান, সিংগাইর।
মানিকগঞ্জের সাটুরিয়া বাজার এলাকায় কথাকাটাকাটির জেরে মো. জাহাঙ্গীর হোসেন নামে এক জাসাস নেতার ওপর ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৬ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন আহত জাহাঙ্গীর হোসেন। তিনি সাটুরিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক।
হামলায় জাহাঙ্গীরের মুখ, মাথা ও গলায় রক্তাক্ত জখম হয়েছে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর তার আহত অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আহত জাহাঙ্গীর হোসেনের অভিযোগ, সাটুরিয়া বাজারের বাসিন্দা মো. আমানত হোসেন (পিতা—মো. রাজু আহম্মেদ) এর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে আমানত হঠাৎ ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর আঘাত করেন। হামলার সময় পরিস্থিতি বুঝে আত্মরক্ষার চেষ্টা করায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলেও দাবি করেন তিনি।
জাহাঙ্গীরের দাবি, হামলার পর উপস্থিত লোকজন অভিযুক্ত আমানত হোসেনকে আটকানোর চেষ্টা করলেও তাকে আটক করা সম্ভব হয়নি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আমানত হোসেন সাটুরিয়া বাজার এলাকার বাসিন্দা। তার বাবা মো. রাজু আহম্মেদ শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বলে স্থানীয়ভাবে পরিচিত। অভিযুক্ত আমানত হোসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য—এমন অভিযোগও করেছেন আহত জাহাঙ্গীর ও স্থানীয় কয়েকজন।