
মানবিক চিকিৎসাসেবার প্রত্যয়ে চকরিয়া মা-শিশু ও জেনারেল হাসপাতাল
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি | কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ায় উপকূলীয় জনপদের মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছে চকরিয়া মা-শিশু ও জেনারেল হাসপাতাল। মাতৃ ও শিশুসেবা, স্বাভাবিক প্রসব, সিজারিয়ান অস্ত্রোপচারসহ বিভিন্ন রোগের চিকিৎসায় প্রতিষ্ঠানটি স্থানীয় পর্যায়ে ভূমিকা রাখছে। বিশেষ করে সাধ্যের মধ্যে চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
২০০৭ সালে ৫৪ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা হাসপাতালটি বর্তমানে ২৫ শয্যার চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছে।
সম্প্রতি হাসপাতালটিতে তুলনামূলক কম খরচে এক রোগীর পাঁচটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ঈদমনি গ্রামের ছালেহা বেগমের শরীরে টিউমার, পিত্তথলিতে পাথর, জরায়ুতে টিউমার, হার্নিয়া ও কিডনিতে পানি জমার সমস্যা শনাক্ত হয়। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে এসব অস্ত্রোপচারে প্রায় দুই লাখ টাকা লাগবে বলে জানানো হয়েছিল। আর্থিক সংকটে চিকিৎসা করাতে না পেরে পরে তিনি চকরিয়া মা-শিশু ও জেনারেল হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসক ডা. মো. জেনারুল ইসলাম নুরের তত্ত্বাবধানে তার পাঁচটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। রোগীর স্বামী নুরুল আবছারের ভাষ্য অনুযায়ী, চিকিৎসা ও অস্ত্রোপচারে মোট ৬০ হাজার টাকা খরচ হয়েছে। এতে স্বস্তি ফিরেছে পরিবারটিতে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকারিয়া বলেন, “আমরা সবসময় রোগীর প্রয়োজন ও সামর্থ্যকে গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করি।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রসূতি ও শিশুস্বাস্থ্যসেবার পাশাপাশি টিউমার, পিত্তথলির পাথর, হার্নিয়া, পাইলস ও টনসিলসহ বিভিন্ন সমস্যার চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থা রয়েছে। রোগ নির্ণয়ের জন্য আধুনিক যন্ত্রপাতি এবং নারী-পুরুষ রোগীদের জন্য পৃথক ওয়ার্ডের সুবিধাও রয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে চিকিৎসার মান, রোগীর নিরাপত্তা ও সেবার স্বচ্ছতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। সাশ্রয়ী ও নিরাপদ চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মানুষের পাশে থাকার প্রত্যয় জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।