
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর উদ্যোগে সীমান্ত সুরক্ষা ও শারদীয় দুর্গাপূজা-২০২৬ নিরাপত্তা টহল
মোঃ শাহিন মিয়া
শ্রীবরদী(শেরপুর) উপজেলা প্রতিনিধি
মোবাইলঃ ০১৯৮৭৮৭৭৮১৯
আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সীমান্তের ০৮ কিলোমিটারের মধ্যে ময়মনসিংহ ও শেরপুর জেলার ০৫টি সীমান্তবর্তী উপজেলায় মোট ২৫টি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ইতোমধ্যে পূজামন্ডপ সমূহ রেকি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলার জন্য অতিরিক্ত ০২ প্লাটুন বিজিবি রিজার্ভ হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল ও নিবিড় নজরদারির মাধ্যমে শারদীয় দুর্গাপুজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তাব্যবস্থা সরেজমিনে পরিদর্শন ও মূল্যায়নের অংশ হিসেবে কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন, পিএসসি, সেক্টর কমান্ডার, ময়মনসিংহ সেক্টর এবং লেঃ কর্নেল মোঃ নুরুল আজিম বায়েজীদ, এসজিপি, পিএসসি, অধিনায়ক, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার পূজামণ্ডপসমূহের রেকি কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এ সময় পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা এবং পূজাকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নিরাপত্তাব্যবস্থাকে আরও কার্যকর ও সমন্বিত করতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেছে। এ লক্ষ্যে সুরক্ষা অ্যাপস’ ব্যবহারের উদ্যোগ গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রমের সমন্বয়, দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের সক্ষমতা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছে। সীমান্ত এলাকার প্রতিকূল ভৌগোলিক পরিবেশ ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন। প্রতিটি বিওপি গড়ে ৫ থেকে ৮ কিলোমিটার সীমান্ত এলাকা নিরাপত্তার আওতায় রেখে দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, নিয়মিত তল্লাশি, টহল এবং নিবিড় নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।
পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আশপাশের এলাকায় সতর্ক নজরদারি, প্রয়োজনীয় টহল এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। মাদকদ্রব্য, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থান বজায় রেখে সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে। শারদীয় দুর্গাপূজা সবার জন্য আনন্দময়, নিরাপদ ও শান্তিপূর্ণ হোক-এই প্রত্যাশায় সীমান্ত সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সর্বদা প্রস্তুত।