
চকরিয়ায় ১৫টিরও বেশি পূজামণ্ডপ পরিদর্শনে পূজা উদযাপন ফ্রন্ট
মোহাম্মদ আরিফ | জেলা প্রতিনিধি, কক্সবাজার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকার ১৫টিরও বেশি পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের চকরিয়া উপজেলা ও চকরিয়া পৌরসভা শাখার নেতৃবৃন্দ।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির থেকে এ পরিদর্শন কার্যক্রম শুরু হয়। পরে হারবাং, বরইতলী, কৈয়ারবিল, পহরচাঁদা, জলদাশপাড়া, খোজপাড়াসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেন তাঁরা। দিনব্যাপী পরিদর্শন শেষে রাত ১০টায় কৈয়ারবিলে এ কার্যক্রম শেষ হয়।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, পূজার প্রস্তুতি এবং সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন। এ সময় তাঁরা শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের চকরিয়া উপজেলা শাখার সভাপতি রনধীর দাশ, সাধারণ সম্পাদক সুনীল দাশ মহাজন, প্রধান উপদেষ্টা এস. তরুণ সুশীল, মহিলা বিষয়ক সম্পাদক কাজলী রানী তালুকদার, বিকাল কান্তি দুলাল, খোকন কুমার সুশীল, লিটন কুমার দাশ ও জুয়েল শীল।
এ ছাড়া চকরিয়া পৌরসভা শাখার সভাপতি লিটন দাশ, সাধারণ সম্পাদক লালন শর্মা কাকনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গোৎসব আনন্দ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। তাই উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বিকল্প নেই।
তাঁরা আরও বলেন, বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শনের মাধ্যমে পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে তাঁরা সবার সহযোগিতা কামনা করেন।
পরিশেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে শান্তি, সম্প্রীতি, আনন্দ ও কল্যাণ বয়ে আনবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে।