
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির পরিদর্শনে কক্সবাজার জেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক অসীম ধর ও সদস্যসচিব কাঞ্চন চৌধুরী।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, পূজার প্রস্তুতি এবং সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নেন। এ সময় তাঁরা শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের চকরিয়া উপজেলা শাখা ও পৌর শাখার নেতৃবৃন্দ জেলা শাখার আহ্বায়ক অসীম ধর ও সদস্যসচিব কাঞ্চন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের চকরিয়া উপজেলা শাখার সভাপতি রনধীর দাশ, সাধারণ সম্পাদক সুনীল দাশ মহাজন, প্রধান উপদেষ্টা এস. তরুণ সুশীল, অর্থ সম্পাদক হিমাংশু সুশীল, চকরিয়া পৌরসভা শাখার সভাপতি লিটন দাশ, সাধারণ সম্পাদক লালন শর্মা কাকনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন মন্দির পরিদর্শন ও মতবিনিময়ের মাধ্যমে পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
তাঁরা আরও বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উপলক্ষ। উৎসবকে আনন্দমুখর ও শান্তিপূর্ণ করতে সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
পরিশেষে শারদীয় দুর্গোৎসব সবার জীবনে শান্তি, সম্প্রীতি, আনন্দ ও কল্যাণ বয়ে আনবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ।