
শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন
দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ২২টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পরিষদের নেতৃবৃন্দ।
সোমবার (১৯ অক্টোবর) উপজেলা শাখার সভাপতি জ্যোতিভূষন তালুকদার ঝন্টু বাবুর নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজার ধর্মীয় পরিবেশ ও আনুষঙ্গিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তাঁরা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবকে শান্তিপূর্ণ, সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শান্তিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য রবীন্দ্র কুমার তালুকদার ও সিনিয়র সহ-সভাপতি অনিল দাশ, বিজয় কুমার দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সমীরন দাশ, সমাজকল্যাণ সম্পাদক দিলীপ কুমার দাশ এবং সিলেট থেকে আগত রথীন্দ্র সূত্রধর, সভাপতি, ৯ নম্বর ওয়ার্ড, সিলেট সিটি করপোরেশন।
মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নেতৃবৃন্দের মতবিনিময় হয়। এ ধরনের কার্যক্রম সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করার পাশাপাশি ধর্মীয় উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শান্তিগঞ্জ উপজেলা শাখার এ উদ্যোগকে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।