
গাজীপুরে ২২০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি জনতার হাতে আটক
মোঃ মমিনুর রহমান খান লিকু
গাজীপুর সদর উপজেলা প্রতিনিধি:
গাজীপুরের সদর উপজেলায় ২২০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মোসাম্মৎ হালিমা (৪৮) নামের এক নারী মাদক কারবারিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ভবানীপুর বাজার সংলগ্ন উত্তর পাশে এ ঘটনা ঘটে।
আটককৃত মোসাম্মৎ হালিমা গাজীপুরের শ্রীপুর থানার বাঁশবাড়ী গ্রামের মৃত মোশাররফ হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ভবানীপুর বাজারের উত্তর পাশে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন মোসাম্মৎ হালিমা। এ সময় তাঁর চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা অটোরিকশাটির গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয় এবং তাঁকে হাতেনাতে আটক করে রাখা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি আটককৃত হালিমার কাছ থেকে ২২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১,৪০০ টাকা উদ্ধার করে জব্দ করেন এবং তাঁকে আটক করে থানায় নিয়ে যান।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।