
সাপাহারে বিদ্যুৎ লাইন সচল রাখতে আগাছা ও গাছের ডালপালা কাটার অভিযান চলমান।
মোঃ রাসেদ আলী, পত্নীতলা উপজেলা প্রতিনিধি
নওগাঁর সাপাহারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে বিদ্যুৎ লাইনের আশপাশের আগাছা ও গাছের ডালপালা কাটার অভিযান পরিচালনা করছে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সাপাহার জোনাল অফিস।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সাপাহার জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মোঃ ফিরোজ ও সিনিয়র লাইনম্যান আব্দুল হাকিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অফিসের অন্যান্য কর্মীরাও উপস্থিত থেকে কার্যক্রমে অংশ নেন।
সাপাহার সাবস্টেশনের আওতাধীন যেসব এলাকায় গাছের ডালপালা বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসেছে, সেসব এলাকায় নিরাপত্তার স্বার্থে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে লাইনের আশপাশের আগাছা ও গাছের ডালপালা অপসারণ করা হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ লাইনের বিভিন্ন ত্রুটি চিহ্নিত করে তা পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের কাজও পরিচালনা করা হচ্ছে।
সংশ্লিষ্টদের এ কার্যক্রমের মূল লক্ষ্য হলো বিদ্যুৎ লাইনে সম্ভাব্য দুর্ঘটনা, শর্টসার্কিট ও বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি কমানো এবং গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।