
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পার পাওয়া গেল না, ভোলার মনপুরায় মেঘনায় মা ইলিশ শিকারে মেতে ওঠা ১৮ জেলে আটক, ৩০ হাজার মিটার জাল ভস্মীভূত
===========================
মোঃ নিরব মনপুরা উপজেলা প্রতিনিধি ভোলা।
==========================
সরকারি নিষেধাজ্ঞা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভোলার মনপুরার মেঘনা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকারের মহোৎসব। তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেশিদূর এগোতে পারেনি এই অসাধু চক্র। মা ইলিশ ধ্বংসের মেতে ওঠা বেপরোয়া ১৮ জন জেলেকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে মনপুরার হাজিরহাট ঘাটসংলগ্ন মেঘনা নদীর উত্তাল বুকে এই সাঁড়াশি যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।
প্রশাসন সূত্রে জানা যায়, মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে সরকার কঠোর নিষেধাজ্ঞা জারি করলেও একশ্রেণির লোভী জেলে তা পুরোপুরি উপেক্ষা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী নদীতে আকস্মিক হানা দিয়ে ৫টি মাছ ধরার নৌকাসহ ওই ১৮ জেলেকে আটক করতে সক্ষম হয়।
অভিযান শেষে জব্দকৃত ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল মনপুরা উপজেলা কোস্টগার্ড আউটপোস্টে এনে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়।
মা ইলিশ রক্ষার এই জাতীয় গুরুত্বপূর্ণ কার্যক্রমে কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে প্রশাসন। নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের বিরুদ্ধে এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।