
পাঁচ বছরেও নিখোঁজ মানসিক ভারসাম্যহীন বুলবুল: ছেলের শোকে বাবার মৃত্যু, পথ চেয়ে মা
মো : জহিরুল ইসলাম
ভ্রাম্যমাণ প্রতিনিধি, ফুলবাড়িয়া, ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৮ নম্বর রাঙ্গামাটিয়া ইউনিয়নের বুড়ার বাজার গ্রামের সন্তান মো. বুলবুল নিখোঁজ হওয়ার দীর্ঘ পাঁচ বছর পার হলেও আজও তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ হওয়ার কিছুদিন পরই সন্তান হারানোর শোক সইতে না পেরে মৃত্যুবরণ করেন তার বাবা হাতেম ফকির। একদিকে স্বামী হারানোর কষ্ট, অন্যদিকে নিখোঁজ সন্তানের অধীর অপেক্ষা—সব মিলিয়ে আজ দিশেহারা মা আনোয়ারা বেগম।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ বুলবুল মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। আজ থেকে ঠিক পাঁচ বছর আগে একদিন পরিবারের অজান্তে একটি গাড়িতে চড়ে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। এরপর থেকে আর বাড়ি ফিরে আসেননি।
ছেলে নিখোঁজ হওয়ার পর পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেন। পরবর্তীতে এ বিষয়ে ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও দীর্ঘ পাঁচ বছরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ছেলে হারিয়ে যাওয়ার সেই শোকে ও চরম দুশ্চিন্তায় কিছুদিন পরেই পরলোক গমন করেন তার বাবা হাতেম ফকির।
সন্তান হারানোর বেদনায় কান্নাজড়িত কণ্ঠে মা আনোয়ারা বেগম বলেন, “আমার ছেলেটা মানসিকভাবে একটু অসুস্থ ছিল। গাড়িতে উঠে চলে যাওয়ার পর আর ফিরে এলো না। ছেলের শোকে তার বাবাও আমাদের ছেড়ে চলে গেলেন। পাঁচটা বছর ধরে আমি একা পথ চেয়ে বসে আছি—আমার সন্তানটা কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না।”
পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আকুল আবেদন জানানো হয়েছে—কোনো সহৃদয় ব্যক্তি যদি এই যুবকের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তবে অনুগ্রহ করে নিচে দেওয়া যোগাযোগ নম্বরে খবর দেওয়ার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগের ঠিকানাক ও নম্বর:
ঠিকানা: গ্রাম: বুড়ার বাজার, ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়ন, উপজেলা: ফুলবাড়িয়া, জেলা: ময়মনসিংহ।
মোবাইল/যোগাযোগ নম্বর: 01810400583