
মানিকগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি
নজরুল-লালনের মানবতাবাদী দর্শনে সাংস্কৃতিক জাগরণের আহ্বান
সাইফুর রহমান, সিংগাইর প্রতিনিধি
মানিকগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও আদর্শকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৭/১০/২০২৬ সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। জেলা প্রশাসনের উদ্যোগে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংগীত, আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিযোগিতায় বিজয় অর্জনের পাশাপাশি প্রকৃত শিক্ষা হলো মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের সাফল্যকে সম্মান করা এবং মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলা।
তিনি আরও বলেন, লালন সাঁইয়ের মানবদর্শন ও লোকজ সংস্কৃতির চর্চা সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানিকগঞ্জের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম বিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মাহফিল খান, সাবেক অধ্যক্ষ আবুল ইসলাম সিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (মানিকগঞ্জ সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা কালচারাল কর্মকর্তা মোছা. মোখলেছা হিলালী এবং জাসাসের জেলা কমিটির সদস্যসচিব শামীম বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের জ্যেষ্ঠ নেতারা।
বক্তারা বলেন, একটি মানবিক, অসাম্প্রদায়িক ও সৃজনশীল সমাজ গঠনে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। নজরুলের বিদ্রোহী চেতনা, সাম্যের বাণী এবং লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে নিয়মিত সাংস্কৃতিক আয়োজন ও প্রতিভা বিকাশের সুযোগ বাড়াতে হবে।
সাংস্কৃতিক চর্চা কেবল প্রতিযোগিতায় পুরস্কার অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা মানুষের মনন, বিবেক ও মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম মাধ্যম। মানিকগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে এমন আয়োজন নতুন প্রজন্মকে সাহিত্য, সংগীত ও লোকজ ঐতিহ্যের প্রতি আরও আগ্রহী করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।