
সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন
জামালপুর জেলা প্রতিনিধি, মোঃ আজাদ হোসেন নিপুঃ-
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ২২ অক্টোবর ২৬ ইং জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
বৃহস্পতিবার এ মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। তাঁরা সাংবাদিক হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের নানা অসংগতি, অনিয়ম ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। তাঁদের ওপর হামলা ও হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা এবং গণমাধ্যমের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
এ সময় নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের দাবিও জানান সাংবাদিকরা।
বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপস্থিত সাংবাদিকরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।