
সাপাহারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা ও অসহায়দের মাঝে শাড়ি বিতরণ।
মোঃ রাসেদ আলী
পত্নীতলা উপজেলা প্রতিনিধি।
নওগাঁর সাপাহারে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা ও গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ অক্টোবর) সাপাহার উপজেলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রোমানা রিয়াজ।
অনুষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উদযাপন, পূজার সার্বিক প্রস্তুতি, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য অটুট রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শাড়ি বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে মোঃ সারোয়ার জাহান (লাবু) এবং সাপাহার উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা শারদীয় দুর্গাপূজা সবার জন্য আনন্দময়, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে পারস্পরিক সহযোগিতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।