
সিআইডি কর্মকর্তার স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন, আইনি সহায়তায় বিএমএসএফ
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার
চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় তিন সাংবাদিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৮ অক্টোবর) ঢাকার আদালতে শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করা হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আইনজীবীরা তাঁদের পক্ষে শুনানিতে অংশ নেন।
জামিনপ্রাপ্ত সাংবাদিকেরা হলেন ফরিদপুরের সাংবাদিক সাজ্জাদ হোসেন, রাজধানী টেলিভিশনের ফরিদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম এবং এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন। মামলাটি দায়ের করেছেন আয়েশা আক্তার, যিনি একজন সিআইডি কর্মকর্তার স্ত্রী বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট আছিবুর রহমান আসিফ, অ্যাডভোকেট খায়ের উদ্দিন সিকদার, অ্যাডভোকেট নাজমা সুলতানা নীলা ও অ্যাডভোকেট মশিউর রহমান। এ সময় বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
হামলায় গুরুতর আহত হয়েছিলেন সাজ্জাদ
মামলার এক নম্বর আসামি সাংবাদিক সাজ্জাদ হোসেন। বিএমএসএফের দেওয়া তথ্য অনুযায়ী, সংবাদ প্রকাশের জেরে প্রায় দেড় বছর আগে ফরিদপুরে মাদক কারবারি ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের হামলার শিকার হন তিনি। ওই হামলায় তাঁর হাত-পা ভেঙে যায় বলে সংগঠনটি জানিয়েছে। দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পাশাপাশি নিরাপত্তাহীনতার কারণে তাঁকে ঢাকায় অবস্থান করতে হয়েছে বলেও দাবি করা হয়েছে।
মামলা নিয়ে বিএমএসএফের উদ্বেগ
বিএমএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মামলাটিতে পর্যাপ্ত তদন্ত ছাড়াই গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর সাংবাদিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। এ পরিস্থিতিতে সংগঠনটি সংশ্লিষ্ট সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নেয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটিতে অভিযুক্ত সাংবাদিকদের আইনি পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখা হবে।
বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এক বিবৃতিতে বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। মামলার তদন্ত ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা, ন্যায়বিচার ও আইনগত অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ মামলায় হয়রানির শিকার সাংবাদিকদের পাশে থেকে আইনি পরামর্শ ও সহযোগিতা দেবে বিএমএসএফ।
বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ মামলাটির নিরপেক্ষ তদন্ত, সাংবাদিক সাজ্জাদ হোসেনসহ অন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ তৈরির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।