
নিজের সম্মান ও ভাবমূর্তি রক্ষায় কক্সবাজার সদর থানায় ট্যুরিস্ট পুলিশের এডিআইজি’র জিডি
এম কে হাসান বিশেষ প্রতিবেদক কক্সবাজার
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে পেশাগত ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রধান, পুলিশ সুপার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো: আপেল মাহমুদ। মঙ্গলবার (৩ মার্চ) তিনি এই জিডি দাখিল করেন।
জিডি সূত্রে জানা যায়, গত ১ মার্চ ‘Shahed Ferdous Hero’ নামক একটি ফেসবুক আইডি এবং ‘সকালের কক্সবাজার’ অনলাইন পত্রিকায় ওই কর্মকর্তাকে জড়িয়ে “পর্যটন সেবার সরঞ্জাম ভাড়া দিয়ে মাসে লাখ লাখ টাকার বাণিজ্য” শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। জিডিতে আপেল মাহমুদ এই তথ্য কে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন।
পরবর্তীতে ২ মার্চ ‘Samudrarb Bela’ নামক ফেইসবুক পেইজ, ‘Telegram News’ এবং coxbazarjournal.com সহ বেশ কিছু ফেসবুক পেজ ও অনলাইন প্ল্যাটফর্মে লায়লা নামক এক নারীর কাল্পনিক বক্তব্য সংবলিত ভিডিও ও কুরুচিপূর্ণ লেখা পোস্ট করা হয়।
অভিযোগে যা বলা হয়েছে:- জিডি তে উল্লেখ করা হয়েছে যে, পরিকল্পিতভাবে এসব আইডি ও পেজ থেকে মিথ্যা এবং মানহানিকর তথ্য প্রচারের ফলে তার দীর্ঘদিনের অর্জিত পেশাগত সুনাম প্রশ্নবিদ্ধ হয়েছে। একইসঙ্গে তাকে সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। এমতাবস্থায় বিষয়টির আইনগত রেকর্ড রাখা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানান।
পুলিশের পদক্ষেপ:- কক্সবাজার সদর থানা সূত্র জানায়, জিডিটি গ্রহণ করা হয়েছে (জিডি নং: ২২৫, তারিখ: ০৩/০৩/২০২৬)। ডিউটি অফিসার নাইমা আহমেদ ও প্রস্তুতকারী রাম প্রসাদ দে বিষয়টি নথিভুক্ত করেন। তদন্ত সাপেক্ষে অপপ্রচারের নেপথ্যে থাকা ব্যক্তি ও পেজ অ্যাডমিনদের শনাক্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার নামে এমন ধারাবাহিক অপপ্রচারের ঘটনায় স্থানীয় সচেতন মহল ও পুলিশের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, পর্যটন নগরীর শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেওয়ায় একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত আক্রোশ থেকে এমন অপপ্রচার চালাচ্ছে।