
আবু বকর সিদ্দিক মুন্সীগঞ্জ জেলা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ,আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতু এলাকায় যানজট নিয়ন্ত্রণ এবং শিমুলিয়া ঘাটে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো:বাসিত সাত্তার,লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম,পদ্মা সেতু (উত্তর) থানার ওসি সৈয়দ আক্তার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা:বেবী নাজনীন সোহানা এবং শিমুলিয়া ঘাট বন্দর কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ খান।
এছাড়াও বক্তব্য দেন লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস হেলাল,বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মাসুদ খান,সাংবাদিক মিজানুর রহমান ঝিলু ও লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মো:শওকত হোসেন।সভায় বক্তারা বলেন,আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পদ্মা সেতু ও আশপাশের সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। এ সময় যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ঈদের ছুটিতে শিমুলিয়া ঘাট এলাকায় আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।সভায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন,জনপ্রতিনিধি ও স্থানীয়দের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া কৃষি জমি ও বিলের পানিবদ্ধতা নিরসনে খাল খননসহ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা,ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা এবং প্যানেল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।