
মো: রাশিদুল ইসলাম, কালিয়াকৈর প্রতিনিধি,
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সঙ্ঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার চন্দ্রা এলাকায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে এক ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযানে আটককৃতরা হলেন, কালিয়াকৈর উপজেলার বিশ্বাসপাড়া এলাকার মৃত সাফিজ উদ্দিন সাফি সর্দারের দুই ছেলে স্বাধীন (২৮) ও শাহাদাত সর্দার (২৫)। এছাড়া রয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ছেউটি খলপাড়া এলাকার মৃত শফি মিয়ার ছেলে মোঃ আকাশ (২৭) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার বাদিহাটি এলাকার মৃত ইব্রাহিমের ছেলে মোঃ শাকিল (২৫)। আকাশ ও শাকিল উভয়েই বর্তমানে কালিয়াকৈরের বিশ্বাসপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, একদল ডাকাত সঙ্ঘবদ্ধ হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় চলন্ত যানবাহন ও পথচারীদের গতিরোধ করে ডাকাতির পরিকল্পনা করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ডাকাত কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে এই চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো লম্বা ছুরি, লোহার চাপাতি এবং কালো রঙের লম্বা বৈদ্যুতিক কেবল উদ্ধার করা হয়েছে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।