
মোঃ এমদাদুল হক ভূইয়া নান্দাইল (উপজেলা) প্রতিনিধি:
নান্দাইল পৌরসভার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চন্ডিপাশা আর্দশ পল্লীতে দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতা এখন এলাকাবাসীর জন্য এক মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি ও অপর্যাপ্ততার কারণে সামান্য বৃষ্টিতেই সড়ক ও বসতবাড়ির আশপাশে পানি জমে থাকছে, ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে,যা ধীরে ধীরে আরও ভয়াবহ আকার ধারণ করছে।সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছে শিক্ষার্থীরা।চন্ডিপাশা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় এবং সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াতের সময় চরম ভোগান্তির শিকার হচ্ছে।এছাড়াও উল্লেখিত এরিয়ায় একটি মসজিদ এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির অফিস ভবন রহিয়াছে। অনেক ক্ষেত্রে হাটুঁ সমান পানির মধ্য দিয়ে ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হচ্ছে,যা অভিভাবকদের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।এছাড়াও, আবাসিক এলাকার বাসিন্দারা এবং স্থানীয় ব্যবসায়ীরা দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।পানি জমে থাকার কারণে রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা দেখা দিয়েছে।এ বিষয়ে নান্দাইল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং স্থানীয় জামে মসজিদের নেতৃবৃন্দের উদ্যোগে এলাকাবাসী একত্রিত হয়ে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। তারা বলেন,এভাবে চলতে থাকলে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে। শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারছে না।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও উন্নয়ন করা হলে এ সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাওয়া সম্ভব। তারা আশা প্রকাশ করেন, নান্দাইল পৌরসভা ও সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত উদ্যোগ নেবে এবং চন্ডিপাশা আর্দশ পল্লীর বাসিন্দাদের দুর্ভোগ লাঘব করবে।বিশেষ ভাবে উল্লেখ্য যে, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে এই জলাবদ্ধতা সমস্যা আরও প্রকট হয়ে জনস্বাস্থ্য ও নাগরিক জীবনে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।