
নিজস্ব প্রতিবেদক | প্রভাতী বাংলাদেশ
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আরও একটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করার চাঞ্চল্যকর দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, নিখোঁজ এক মার্কিন পাইলটকে উদ্ধারের অভিযানে অংশ নেওয়া একটি বিমানকে তারা সফলভাবে লক্ষ্যবস্তু করেছে।
ঘটনার প্রেক্ষাপট ও আইআরজিসি’র বক্তব্য: ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ইরানের ইসফাহান প্রদেশের দক্ষিণাঞ্চলে। গত ৩ এপ্রিল ভূপাতিত হওয়া একটি মার্কিন এফ-১৫ জেটের পাইলটকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছিল যুক্তরাষ্ট্র। আইআরজিসি’র দাবি, সেই উদ্ধার অভিযান চলাকালীন তারা পাল্টা আক্রমণ চালিয়ে মার্কিন বিমানটি ভূপাতিত করে।
টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, ওই অঞ্চলের একটি মাঠ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়ছে। ইরানি গণমাধ্যম এই ঘটনাকে মার্কিন প্রশাসনের ‘ব্যর্থতা ঢাকার মরিয়া চেষ্টা’ হিসেবে অভিহিত করেছে।
বিভ্রান্তি ও পাল্টাপাল্টি দাবি: মজার বিষয় হলো, একদিকে ইরান যুদ্ধবিমান ধ্বংসের দাবি করছে, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে নিখোঁজ ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে ঠিক কোন মডেলের যুদ্ধবিমানটি সর্বশেষ ভূপাতিত করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও নিশ্চিত করা হয়নি।
উল্লেখ্য, গত ৩ এপ্রিলও এক অভিযানে মার্কিন এ-১০ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া এবং দুটি ব্ল্যাকহক হেলিকপ্টার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর জানিয়েছিল আইআরজিসি। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে এই পাল্টাপাল্টি সামরিক উত্তেজনায় পুরো অঞ্চল এখন থমথমে।