
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি, ঠিক এই মুহূর্তে বিশ্ব ফুটবলের আঙিনায় নতুন এক অস্থিরতা তৈরি হয়েছে। ভেন্যু সংক্রান্ত জটিলতায় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালি স্পষ্ট জানিয়েছেন, তাদের শর্ত পূরণ না হলে বিশ্বমঞ্চে দেখা যাবে না ইরানকে।
মূল দাবি কী? ইরানের পক্ষ থেকে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে একটি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। তাদের দাবি, ইরানের নির্ধারিত ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে স্থানান্তর করতে হবে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে দুনিয়ামালি বলেন, “আমরা ফিফাকে ভেন্যু পরিবর্তনের জন্য আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছি। যদি তারা আমাদের এই প্রস্তাব গ্রহণ করে, তবেই আমরা বিশ্বকাপে অংশ নেব।”
অনিশ্চয়তায় ইরান শিবির উল্লেখ্য, ২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। এর মধ্যে নিরাপত্তার কারণ বা রাজনৈতিক জটিলতার কথা মাথায় রেখে ইরান চাইছে তাদের ম্যাচগুলো অন্তত যুক্তরাষ্ট্রের মাটিতে না খেলে প্রতিবেশী দেশ মেক্সিকোতে খেলতে।
ইরানি ক্রীড়ামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ফিফার পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক সাড়া আসেনি। ফলে বিশ্বকাপে দলটির অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন ফুটবল বিশ্ব তাকিয়ে আছে ফিফার সিদ্ধান্তের দিকে।