
সাহের আলী রৌমারী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের রৌমারী উপজেলা-এর যাদুর চর ইউনিয়নের খেওয়ার চর সীমান্ত ঘেঁষা একটি ছোট্ট বাজারে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় একটি কুচক্রী মহল দোকান মালিকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে প্রায় ২৫টি দোকানের পজিশন দিয়ে ঘর নির্মাণ করে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেওয়ার চর বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত দখল করে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকান। এসব দোকানের কারণে পণ্যবাহী যানবাহন ও পথচারীদের চলাচলের নির্ধারিত স্থান সংকুচিত হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করতে হচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। একই সঙ্গে বাজার এলাকায় নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে তীব্র যানজট।
এ বিষয়ে অভিযোগের মুখে থাকা দোকানদারদের সঙ্গে কথা বললে তারা দাবি করেন, তারা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী। তাদের মধ্যে কিছু অসহায় মানুষকে পজিশন না দিয়ে নতুন করে দোকান নির্মাণ করে দেওয়া হচ্ছে, যা পুরাতন ব্যবসায়ীদের জন্য অন্যায্য পরিস্থিতি তৈরি করছে।
এদিকে, সরেজমিনে সাংবাদিকরা হাট ইজারাদার সবুজ মিয়ার সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান, “আমি বাজারের ইজারাদার হলেও আমাকে না জানিয়ে রাতের অন্ধকারে অর্থ লেনদেনের মাধ্যমে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে এসব দোকান নির্মাণ করা হচ্ছে।”
জানা গেছে, এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করা হলেও মাঝে মাঝে অভিযান পরিচালনা করা হলেও তা দীর্ঘমেয়াদে কার্যকর হচ্ছে না। ফলে দখলদাররা আবারও পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে খেওয়ার চর বাজারের সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত অবৈধ দখল উচ্ছেদের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত নজরদারি ও কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হলে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, যাতে খেওয়ার চর বাজার আবারও স্বাভাবিক, নিরাপদ ও চলাচল উপযোগী পরিবেশ ফিরে পায়।