
বাবুল হাসান কেশবপুর উপজেলা প্রতিনিধি যশোর
যশোরের কেশবপুরে তেল পাম্পগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কয়েকদিন ধরে ডিজেল, অকটেন ও পেট্রোল সংকট দেখা দেওয়ায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বিপাকে পড়তে হচ্ছে। বিশেষ করে জরুরি সেবায় ব্যবহৃত যানবাহনগুলো জ্বালানি না পাওয়ায় জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বিভিন্ন তেল পাম্পে পর্যাপ্ত তেল না থাকায় প্রতিদিন সকাল থেকেই মোটরসাইকেল, সিএনজি, ব্যক্তিগত গাড়ি ও জরুরি সেবার যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় তেল পাচ্ছেন না। এতে সাধারণ যাতায়াত থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজ এবং জরুরি স্বাস্থ্যসেবা পর্যন্ত ব্যাহত হচ্ছে।সবচেয়ে বেশি বিপাকে পড়েছে হাসপাতালের অ্যাম্বুলেন্স, পল্লী বিদ্যুতের সেবাযান,মোটরসাইকেলচালিত জরুরি কর্মীরা এবং নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহৃত ছোট যানবাহনগুলো। অভিযোগ উঠেছে, তেল না থাকায় অনেক জরুরি গাড়ি প্রয়োজনের সময় রোগী পরিবহন কিংবা বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় সময়মতো সেবা দিতে পারছে না।স্থানীয় বাসিন্দারা জানান, অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নিতে গিয়ে অ্যাম্বুলেন্সে জ্বালানি না থাকায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। একইভাবে পল্লী বিদ্যুতের কর্মীরা মাঠপর্যায়ে দ্রুত পৌঁছাতে না পারায় অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ মেরামতে বিলম্ব হচ্ছে। এতে জনজীবনে আরও ভোগান্তি বাড়ছে।একাধিক মোটরসাইকেলচালক ক্ষোভ প্রকাশ করে বলেন,তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কাজের সময় নষ্ট হচ্ছে, আবার অনেক সময় খালি হাতেই ফিরতে হচ্ছে। এতে আমাদের দৈনন্দিন জীবন ও আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।অন্যদিকে স্থানীয় ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্টদের দাবি, এই তেল সংকট দীর্ঘায়িত হলে কেশবপুরের স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের প্রভাব পড়তে পারে। কৃষি, পরিবহন, স্বাস্থ্যসেবা ও বিদ্যুৎ—সবখানেই এর প্রভাব দৃশ্যমান হয়ে উঠছে।কেশবপুরবাসীর অভিযোগ, চাহিদার তুলনায় তেল সরবরাহ কম থাকায় পুরো উপজেলাজুড়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। তারা দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চান। স্থানীয়দের মতে, সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও জ্বালানি কর্তৃপক্ষ যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।এ বিষয়ে কেশবপুরের সচেতন মহল ও সাধারণ জনগণের একটাই দাবি,কেশবপুরে জ্বালানি তেলের সংকট দ্রুত দূর করতে হবে এবং জরুরি সেবার যানবাহনের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে।জনস্বার্থে এলাকাবাসী সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ ও জরুরি সেবাখাত দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে।