
গোলাম মোস্তফা শার্শা উপজেলা প্রতিনিধি, (যশোর)
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আগামী শনিবার (১১ এপ্রিল) একদিনের সরকারি সফরে নিজ শহর যশোরে আসছেন। দিনব্যাপী এ সফরে তিনি সরকারি ও দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় তিনি ঢাকা থেকে সড়কপথে যশোর সার্কিট হাউজে পৌঁছাবেন। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট দফতরের প্রধানদের সঙ্গে একটি মতবিনিময় সভায় যোগ দেবেন, যেখানে প্রধানমন্ত্রীর যশোর সফর উপলক্ষে প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। এরপর প্রতিমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্বোধনস্থল এবং শার্শা উপজেলার উলাশী খাল পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুটি পৃথক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। বিকেল সাড়ে ৩টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার পাটবীজ বিতরণ করবেন এবং বিকেল ৪টায় এডুকেশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন (ইকো)-এর উদ্যোগে উচ্চশিক্ষা বৃত্তির চেক বিতরণ করবেন। সরকারি কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমেও অংশ নেবেন প্রতিমন্ত্রী। বিকেল সাড়ে ৪টায় জেলা বিএনপি কার্যালয়ে দলের যৌথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৬টায় ‘সুবর্ণভূমি’ পত্রিকার নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে তার সফরের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।