
রোস্টিং সেন্টার’ পেজের অপপ্রচারের প্রতিবাদে সাপাহারে মানববন্ধন, গ্রেফতারের দাবি
মোঃ হামিদুর রহমান ভ্রাম্যমাণ, নওগাঁ প্রতিনিধি:
সাপাহার উপজেলায় ‘Roasting Centre Sapahar’ নামের একটি ফেসবুক পেজকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অশ্লীলতা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষুব্ধ এলাকাবাসী।
রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা সদরের জিরো পয়েন্টে ‘সাপাহারের সর্বস্তরের সচেতন জনগণ’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ‘Roasting Centre Sapahar’ নামের পেজটি ব্যবহার করে একটি অসাধু চক্র স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ করে এবং তা বিকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এতে শিক্ষার্থীদের সম্মানহানি ঘটছে এবং তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সাপাহার ক্রীড়া একাডেমির চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী অনিক, জবই বিল জীববৈচিত্র্য ও সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক কারিম খান, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মামুনুর রশিদ, সাপাহার সরকারি কলেজ ছাত্রদল সভাপতি ওয়ালিউল ইসলাম নাইম, সাধারণ সম্পাদক রিপন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরাব হোসেন, ব্যবসায়ী সাজেদুল সাজু ও কনটেন্ট ক্রিয়েটর সুমনসহ অনেকে।
বক্তারা বলেন, এ ধরনের সাইবার অপরাধ সমাজের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের লক্ষ্য করে এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তারা অবিলম্বে দোষীদের শনাক্ত করে গ্রেফতার এবং কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান।
এ সময় বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে উক্ত ফেসবুক পেজের বিভিন্ন আপত্তিকর পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এতে করে স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।